ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

আগামীকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

মহাগুরুত্বপূর্ন এই ম্যাচে টাইগার একাদশে দুই পরিবর্তনের আভাস মিলেছে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের।

রিয়াদের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্র্যাকটিসে গিয়ে শুধু হালকা নক আর নেটে একটু আধটু ব্যাট করতে পারলেই তো আর চলবে না। ম্যাচ খেলতে হলে তাকে একটা সময় ব্যাট করতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটে দৌড়াতে হবে। আর ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। একই সময়ে থ্রোয়িংও করতে হবে প্রচুর। আমার মনে হয় না ২ জুলাইয়ের ম্যাচ তার (মাহমুদউল্লাহর) পক্ষে খেলা সম্ভব হবে।’

মাহমুদউল্লাহকে এই হালকা ব্যাটিং প্র্যাকটিস করতে দেখে মনে হচ্ছিল, খবর ভালো। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তার পক্ষে ২ জুলাই ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামা কঠিন হবে।

রিয়াদকে নিয়ে তাই ঝুঁকি নিতে রাজি নন টাইগাররা। কারণ বাংলাদেশের এখনো আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে রিয়াদকে নামিয়ে ইনজুরিটা আর বড় করার ঝুঁকি নেবে না বোর্ড।

তাই ভারতের বিপক্ষে রিয়াদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ মিঠুন। মিডল অর্ডারে মিঠুন এর আগেও ৫ নম্বরে ব্যাটিং করে এসেছেন।

অন্যদিকে বার্মিহামে গতকাল ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে কোনো ফায়দাই আদায় করতে পারেনি স্পিনাররা। ভারতের দুই স্পিনার ২০ ওভারে খরচ করেছেন ১৬০ রানেরও বেশি। মাঠের এক সাইডের বাউন্ডারি মাত্র ৫৯ মিটার হওয়ায় স্পিনারদের বেশ বেগ পোহাতে হয়।

আর ডানহাতি ব্যাটসম্যানদের মিশ্রনে ভারতের ব্যাটিং লাইনআপ মিরাজ-মোসাদ্দেকদেরও সাবলীল ভাবেই খেলে দিতে পারবে এজবাস্টনের শক্ত উইকেটে।

বোলিং কোচ কোর্টনি ওয়ালশও জানালন, সাইফউদ্দিনের সুইং, রুবেলের গতি ও মোস্তাফিজকে নতুন বলে দায়িত্ব নিতে হবে কোহলিদের বিপক্ষে।

তার মানে এটাও নিশ্চিত যে ভারতের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়ছেন মিরাজ। তার পরিবর্তে ফিরছেন রুবেল হোসেন।