‘আল্লাহর প্রতি আনুগত্য ও ইমান’ হুমকির মুখে, বলিউড ছাড়লেন দঙ্গলকন্যা

সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান জাইরা ওয়াসিম। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামেই পরিচিত। হঠাৎই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অষ্টাদশী এ তরুণী।

আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ করেও মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন জাইরা ওয়াসিম। আগামীতে মুক্তি পেতে চলা ‘দ্য স্কাই ইজ পিংক’-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

সেই জাইরা জানালেন, তাঁর ‘ইমান (আল্লাহর প্রতি আনুগত্য) হুমকির মুখে।’ তাই বলিউডকে বিদায় জানালেন।

আজ রোববার নিজের ফেসবুক পেজে বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান জাইরা ওয়াসিম। ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত তাঁর। বলেন, ‘ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে।’

ফেসবুকে জাইরা ওয়াসিম লিখেছেন, ‘পাঁচ বছর আগে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা আমার জীবনকে বদলে দিয়েছে। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তার দরজা খুলে যায়। আমি মনোযোগের কেন্দ্রে আসা শুরু করি, আমাকে সাফল্যের প্রতিমূর্তি হিসেবে ভাবা হয় এবং এমনকি তরুণদের রোল মডেল হিসেবে পরিচিতি পেতে থাকি।’

‘যা হোক, সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে আমার যা ধারণা, যা করেছি বা হতে চেয়েছি তার সঙ্গে কখনোই এই ব্যাপারটি সংগতিপূর্ণ ছিল না।’

জাইরা আরো লিখেছেন, ‘পাঁচ বছর পূর্ণ করার পর আজ আমি স্বীকার করছি, আমার কাজ বা এই পরিচয় নিয়ে সত্যিই আমি আনন্দিত নই। দীর্ঘদিন পরে হলেও আমার উপলব্ধি, এত দিন অন্য কেউ হওয়ার জন্য আমি লড়াই করে গেছি।’

যদিও ইন্ডাস্ট্রিতে এসে জাইরা পেয়েছেন ‘নতুন লাইফস্টাইল’, ‘সময় ও আবেগ’ ঢেলে কাজ করেছেন, বিনোদন দুনিয়ায় ‘ফিট’ হওয়ার সম্ভাবনাও রয়েছে, তবু তিনি মনে করেন, ‘এটা আমার জায়গা নয়।’

দঙ্গলকন্যা আরো লিখেছেন, ‘এখান থেকে অনেক ভালোবাসা, সহায়তা ও প্রশংসা পেয়েছি, কিন্তু এটি আমাকে অজ্ঞতার পথেও নিয়ে গেছে এবং ধীরে ধীরে ও অবচেতনেই আমার ইমান নড়বড়ে হয়ে গেছে।’

‘এমন এক পরিবেশে আমি কাজ চালিয়ে গেছি, যা আমার ইমানের সঙ্গে সাংঘর্ষিক, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে,’ যোগ করেন জাইরা।

সোনালি বোস পরিচালিত ও জাইরা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এতে আরো রয়েছেন প্রিয়াঙ্ক চোপড়া, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। সূত্র : ইন্ডিয়া টিভি