বরগুনায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
রিফাতকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন ছাত্রদল নেতা রনি
রিফাত হত্যায় স্ত্রীকে দোষ দিয়ে আওয়ামী লীগ এমপির ফেসবুক পোস্ট!
রিফাত হত্যাকাণ্ড নিয়ে যা বললেন মন্ত্রীরা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রকাশ্য দিবালোকে বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনাটি দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বসে নেই। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অপরাধীদের ধরতে কাজ শুরু করে দিয়েছে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের দক্ষতায় পার্থক্য আছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মন্ত্রী তাদের নাম উল্লেখ করেননি।

মন্ত্রী বলেন, রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনা সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে তিনি মনে করেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের পুলিশ বিভাগে ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। এর মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে নয়জন নারী ও একজন পুরুষ সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হয়েছে।
