জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা খারাপ হলে সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গোলাম মোহাম্মদ কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শরীর আজ ভালো নেই। তিনি সকালে সিএমএইচে ভর্তি হয়েছেন। এরশাদ পরিণত বয়সে উপনীত হয়েছেন। অনেকের মনেই প্রশ্ন আছে, এরশাদের অবর্তমানে পার্টির কী হবে। তার অবর্তমানে কিছু সমস্যা হতে পারে। এখন তার নামে যা হচ্ছে, তখন সেটা হবে না। অর্জন করে নিতে হবে।

একটি সূত্র দাবি করেছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ব্যক্তিগত কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্যার চেকআপের জন্য নিয়মিত সিএমএইচে যান। সেখানে তার চিকিৎসা হয়। যখন খারাপ লাগে তখনই উনি সিএমএইচে যান।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে নেওয়া হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে জাপা চেয়ারম্যানকে। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। তবে এখনও কোন রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। সংসদ অধিবেশনে মাত্র একদিনের জন্য হাজির হয়েছিলেন তাও হুইল চেয়ারে ভর করেই।
