আফগানদের বিপক্ষে ওপেনিংয়েই চমক টাইগারদের

বিশ্বকাপে গত ম্যাচেই ভারতের বিপক্ষে স্পিন দিয়ে বাজিমাত করেছিল আফগানিস্তান। রশিদ, মুজিব, নবীদের নিয়ে শক্তিশালী স্পিন অ্যাটাক যেকোনো দলের ব্যাটসম্যানদের জন্যই ভীতির কারণে হতে পারে।

মাত্র একজন স্পেশালিস্ট পেসার হিসেবে আফগান একাদশে খেলেন দাওলাত যাদরান। যার কারণে নতুন বলে শুরুতেই স্পিনারদের উপর দায়িত্ব তুলে দেন আফগান অধিনায়ক।

বিশ্বকাপে পাওয়ারপ্লের প্রথম ১০ ওভার আফগানদের হয়ে বোলিং শুরু করেন মুজিব যাদরান ও মোহাম্মদ নবী। বাম হাতি ব্যাটসম্যানদের জন্য ডান হাতি এই দুজন অফ স্পিনার বিপদের কারণ হয়ে দাড়ান।

আফগানদের সেই পরিকল্পনা সফল করতে না দিতেই ওপেনিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ ওপেনিং করা সৌম্য-তামিম জুটিকে ভেঙ্গে লিটন-তামিম জুটিকে পাঠানো হয়েছে মুজিব-নবীকে মোকাবেলা করার জন্য।

আফগানিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। ফিরছেন মোসাদ্দেক এবং সাইফউদ্দিন।

অর্থ্যাৎ, প্রথম থেকে যে একাদশ নিয়ে (মাঝে মিঠুনকে বাদ দিয়ে লিটনকে আনা হয়েছিল) বাংলাদেশ বিশ্বকাপে খেলছিল, সেই একাদশই ফিরিয়ে আনা হলো এই ম্যাচে।

তিন পেসারের সাথে দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে আজও মাঠে নামছে টাইগাররা। আজও বাংলাদেশের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে দলনেতা মাশরাফির পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে। অন্যদিকে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ পালন করবেন স্পিন আক্রমণের দায়িত্ব।

অন্যদিকে আফগানিস্তান একাদশ থেকে বাদ পড়েছেন হজরুতল্লা জাজাই ও আফতাব আলম। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন সেনওয়ারী ও দাওলাত জাদরান।