বাংলাদেশের সামনের ৪০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও নিশ্চিন্ত থাকতে পারবে না দলগুলো, বলছেন শাহরিয়ার নাফিস। এমন বিশাল লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে ইতিমধ্যে টের পেয়েছে ক্রিকেট বিশ্ব। ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৮২ রানের লক্ষ্য পেয়েছিল টাইগাররা।
এদিন দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়েও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ।
মুশফিকের সেঞ্চুরি এবং তামিম-রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে এতো বড় লক্ষ্য তাড়ায় মাত্র ৪৮ রানে হেরেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছে টাইগাররা। ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতা ম্যাচ। সঙ্গে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ এটি।
এবারের বিশ্বকাপ আসরে রান তাড়ায় যে পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশ তাতে কোনো বড় রানই প্রতিপক্ষকে স্বস্তি দিতে পারবে না, মনে করছেন দলটির বাঁহাতি ওপেনার নাফিস।
‘যেই খেলুক বাংলাদেশের সাথে, সামনে যেই ম্যাচ গুলো আছে, সবাইকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ভাবতে হবে। কারণ এই দলের সাথে আপনি ৩৩০, ৩৫০ এমনকি ৪০০ করেই পার পাবেন না। ওরা লড়াই করছে। এবং লড়াই করার মানসিকতা আছে।’
যদিও অস্ট্রেলিয়ার ম্যাচটি হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। তবে বিশ্ব ক্রিকেটে এখন আর বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সাহস দেখাবে না কোনো দলই।
