মাত্র ২৫ বলে ফিফটি তুলে নিয়ে ব্যাট করতে থাকা হেটমায়ার যেনো রীতিমতো বিধ্বংসী রুপ ধারণ করছিলেন। ৩০তম ওভার থেকে ৩৯তম ওভারের মাঝবর্তী অবস্থা পুরো ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন ক্যারবীয় এই তরুণ।
ফিফটি পূর্ণ করে ব্যাট করতে থাকা হেটমায়ারের সঙ্গে তখনও ক্রিজে ব্যাট করছিলেন সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া শাই হোপ।
ক্যারবীয় ব্যাটিং লাইনআপে তখনও বাকি ছিলেন রাসেল-ব্রাভোদের মতো ব্যাটিং দানবরা। কিন্তু ম্যাচের ৪০তম ওভারেই পুরো দৃশ্যপট পাল্টে ফেললেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
প্রথমে হেটমায়ারকে ফিরিয়ে দেওয়ার পর ভয়ংকর এন্ড্রু রাসেলকেও ক্যাচ আউটের ফাঁদে ফেলে রানের খাতা না খুলেই ফিরিয়ে দিলেন তিনি।
মূলত মোস্তাফিজের ওই ওভারকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে একমত পোষণ করেছেন সাবেক অস্ট্রোলিয়ান ক্রিকেটার মাইক হাসি।
ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে এই সাবেক অস্ট্রোলিয়ান তারকা ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি ওই ওভারটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থান তৈরি করে দিয়েছে। হেটমায়ার তখন দারুণ ছন্দে ছিল। তার ব্যাট সুইং থেকে শুরু করে শারিরিক ভঙ্গিও অসাধারণ ছিল। প্রথমে মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেওয়া হেটমায়ারকে ফিরিয়ে মোস্তাফিজ অনেকগুলো রান বাঁচিয়েছেন। এরপর ভয়ংকর রাসেলকেও দুই বাল বাদেই শূণ্য রানে ফিরিয়েছেন। আমরা জানি শেষের ওভারগুলোতে রাসেল কতটা ভয়ংকর হতে পারে। বিশেষ করে আইপিএলের মৌসুমেও এর বহু প্রমান পেয়েছি। মূলত এই দুই উইকেট নিয়েই মোস্তাফিজ অন্তত দলের জন্য ৪০ রান বাঁচিয়ে দিয়েছেন।
