ওয়ার্নারের ম্যাচসেরার পুরস্কার তুলে দিলেন খুদে ভক্তের হাতে

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

বিশ্বকাপে গতকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ১০৭-রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন ওয়ার্নার।

ম্যাচ সেরার পুরষ্কারও পান খেলা শেষে। আর সেই উপহারটি তুলে দিলেন ক্ষুদে এক অস্ট্রেলীয় ক্রিকেট ভক্তের হাতে।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে রান পেলেও ছিলেন নিজের ছায়া হয়ে। বুধবার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের জয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। টনটনে অনুষ্ঠিত ম্যাচে সবুজ-সোনালি জার্সি পরা অস্ট্রেলীয় দর্শকদের ছাপিয়ে গিয়েছিল পাকিস্তানি দর্শকের উপস্থিতি। তবুও ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে মাঠ ছাড়ার সময় ওয়ার্নার কিন্তু ঠিকই নিজ দেশের সর্মথকদের খুঁজে নিয়েছেন।

আপাদমস্তক অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি পরা, হাতে দেশের পতাকা নিয়ে দলকে সমর্থন দেওয়া এক ক্ষুদে অজি সমর্থকের কাছে যান ওয়ার্নার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছিলেন ওয়ার্নার। এসময় এক কিশোর ভক্তকে অটোগ্রাফ দিয়ে তার সঙ্গে ছবি তোলেন অজি তারকা। পরে ম্যাচসেরার পুরস্কারটি তাকে দিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় ওই খুদে ভক্তের খুশি ছিল দেখার মতো!

আইসিসির ক্রিকেট বিশ্বকাপ টুইটার হ্যান্ডলের একটি ভিডিও পোস্ট করে, আর এতে দেখা যায, এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে খুশিতে আটখানা ক্ষুদে সমর্থক। খুব বেশি কিছু বলতে পারছিল না সে। তবে তার চেহারাই বলে দিচ্ছিল সব।

অসাধারণ এই মুহূর্তের জন্য খুদে ভক্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘অসাধারণ অনুভূতি। এটি পাওয়া দারুণ ব্যাপার। আমি এখানে পতাকা ওড়াচ্ছিলাম। সে (ওয়ার্নার) এখানে আসলো এবং এটি (ট্রফি) আমাকে দিলো। সত্যিই তাকে অনেক পছন্দ করি।’