নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ দারুণ ছুটি কাটালেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। চাপমুক্তির জন্য ইংল্যান্ডে বসে জমিয়ে দেখলেন সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভারত’।
বুধবার (১২ জুন) সিনেমা দেখার পর নিজেদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব।
আর সেখানে তিনি ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘ভারত মুভি দেখার পর ভারতীয় দল’। আর এই ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডেয়া, শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলকে।
বিশ্বকাপ মানে মাথার উপর একরাশ চাপ। পর পর দুই ম্যাচ জিতে পরের ম্যাচের প্রস্তুতি। বৃহস্পতিবার (১২ জুন) নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার মধ্যেই একটু ভিন্ন স্বাদের জন্য সিনেমা দেখে এলেন দলের ক্রিকেটাররা। আর ভারতীয় দল বিদেশের মাটিতে বসে নিজ অভিনীত সিনেমা দেখায় আপ্লুত সালমান খানও।
সালমান তার সিনেমা দেখার জন্য ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে ভোলেননি। এ প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভারত টিমকে ধন্যবাদ ভারতকে পছন্দ করার জন্য… ইংল্যান্ডে বসে ‘ভারত’ দেখার জন্য ধন্যবাদ… পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা। পুরো ভারত আপনাদের সঙ্গে আছে।
