ব্রিস্টলে বৃষ্টির কারণে ইংল্যান্ড সময় সকাল সাড়ে ১০ টার (বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) পিচ ও আউটফিল্ড পরিদর্শন সাময়িকভাবে স্থগিত রাখা হলেও মিনিট পাচেক আগে ঘোষণা আসলো স্থানীয় সময় বেলা ১২.১৫ টায় ( বাংলাদেশ সময় সোয়া ৫টায়) আরও একটি পর্যবেক্ষণ হবে। তারপর বোঝা যাবে অবস্থা।
ঝিরঝিরে বৃষ্টির তোড়ও খানিক কমেছে। একদম বন্ধ না হলেও ছোটখাট ফোটা পড়ছে এখনো। তবে সেটাও প্রায় বন্ধের দিকে।
এদিকে বাংলাদেশ টিম এখনো হোটেলেই অবস্থান করছে। স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় (বিকেল পৌনে ৫টায়) সাথে মুঠোফোন আলাপে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ম্যাচ রেফারি তাদের বেলা একটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) মাঠে আসার কথা বলেছেন। বাংলাদেশ দলের বাস টিম হোটেল ব্রিস্টলের মার্কারি হল্যান্ড হাউজ থেকে পৌনে একটার দিকে মাঠের উদ্দেশ্যে রওনা হবে।
এদিকে তিনটি সুপার সপার (মাঠ শুকানোর ও পানি চুষে নেবার যন্ত্র) দিয়ে অনবরত পিচ কভারে জমে থাকা পানি শুষে নেয়ার কাজ চলছে। স্থানীয় সময় সেই সকাল ১০টারও আগে থেকেই মাঠ কর্মীরা মাঠ ও পিচ কভারের ওপর জমে থাকা সরানোর কাজে ব্যতিব্যস্ত। সবারই প্রত্যাশা, খেলা মাঠে গড়াক।
অনেকেই জানতে চেয়েছেন, শেষ পর্যন্ত কয়টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা? যতদূর জানা গেছে অন্তত স্থানীয় সময় বিকেল ৩টা (বাংলাদেশ সময়) রাত আটটা পর্যন্ত অপেক্ষা করা হবে। তার আগে মাঠ ও পিচ খেলা উপযোগী হলে আর আবহাওয়া ভাল হয়ে গেলে কার্টেল ওভারের খেলা হবার সম্ভাবনা থাকবে।
