ভিসা না পেয়ে কাঁঁদলেন দেশের অন্যতম বড় দুই সর্মথক

তাদের পরিচিতি- তারা ক্রিকেট সমর্থক। নিজ নিজ পেশার উর্ধ্বে উঠে প্রাণপণে সমর্থন যুগিয়ে যান বাংলাদেশ ক্রিকেট দলকে।

দেশে কিংবা দেশের বাইরে যেখানেই খেলুক টাইগাররা, নিজেদের বাঘের রঙে রাঙিয়ে শোয়েব ও মিলন ছুটে যান গ্যালারিতে। টাইগারদের নিখাদ ভক্ত বলে তাদের নামের আগেও লেগেছে ‘টাইগার’ উপাধি।

তবে চলমান বিশ্বকাপে মাঠে বসে বাংলাদেশ দলকে সমর্থন দিতে পারছেন না টাইগার শোয়েব ও টাইগার মিলন। ইংল্যান্ডের ভিসা পাওয়া অন্যান্য অনেক দেশের চেয়ে কিছুটা জটিল। আর সেই জটিলতায় এখনো তারা জানেন না- আদৌ মাঠে বসে টাইগারদের খেলা দেখতে পারবেন কি না।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ড যাওয়া নিয়ে তোড়জোড় ছিল দুই জনপ্রিয় ক্রিকেট ভক্তের। তবে দুজনের কেউই এখনো ভিসা পাননি। তাই ইংল্যান্ডও যাওয়া হচ্ছে না, মাঠে বসে মাশরাফি বিন মুর্তজার দলের জন্য গর্জন করা হচ্ছে না স্বপ্নের বিশ্বকাপে।

দীর্ঘ সময় অপেক্ষার পর সোমবার (১০ জুন) ভিসা পেয়েছেন টাইগার শোয়েব। কিন্তু এখনো ভিসা হাতে আসেনি তার। তাও নতুন করে আবারো আবেদন করছেন। এবার আবেদন করলে ভিসা পেলেও তা কবে নাগাদ পাবেন এ নিয়ে আছে সন্দেহ। বিশ্বকাপে আজই (১১ জুন) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে প্রায় এক মাস ধরে আটকে আছে টাইগার মিলনের পাসপোর্টই। জটিলতা এড়াতে দুই ভক্তই এখন বারবার ছুটে যাচ্ছেন ভিসা সেন্টারে।

ভিসা না পাওয়ায় কারো প্রতি অবশ্য অভিযোগ নেই তাদের। দোষারোপ করছেন ভাগ্যকেই। বিশ্ব ক্রিকেটের নজর কেড়ে নিলেও এখনো দুই আইকনিক টাইগার সমর্থক ইংল্যান্ডের ভিসা না পাওয়ায় হতাশা কাজ করছে দেশের ক্রিকেট আঙিনাতেও।