মিরাজে জয়ী ক্রিকেটের স্পিরিট

বাংলাদেশের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ততক্ষণে ১১৭ বলে ১৩৫ রান তুলে নিয়েছেন জেসন রয়। ৩৫তম ওভারে বল হাতে এলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম বলে মিড উইকেটের ওপর মারলেন বিশাল এক ছক্কা। দ্বিতীয় বলটা লং অন আর তৃতীয়টা মারলেন মিরাজের মাথার ওপর দিয়ে। ব্যাটে বলের লড়াইয়ে জয়ী জেসন রয়।নাটকের শুরু ঠিক এরপরই। চতুর্থ বলে আবার মিরাজকে উড়িয়ে মারতে চেয়েছিলেন ইংলিশ ওপেনার। তবে এই যাত্রায় সফল হলেন মিরাজ। মাশরাফির হাতে ধরা পড়ে বিদায় নিলেন জেসন রয়।

ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার সময় তার পিঠ চাপড়ে দিলেন টাইগার অলরাউন্ডার। টানা তিন ছক্কা হজম করার পরও মিরাজের এমন খেলোয়াড়সুলভ আচরণ সবার মন জয় করেছে। আইসিসি তাদের অফিসিয়াল টুইটারে এটিকে ‘স্পিরিট অফ ক্রিকেট’ উপাধীতে ভূষিত করেছে।

জিতলে দলের সবকিছু ঠিকঠাক থাকে। জয়ের কাছে এসে হারলে বেরিয়ে আসে ছোট-খাট দুই-একটা ভুল। আর আত্মসমর্পণ করে হারলে ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং কোন কিছুই ঠিকঠাক থাকে না। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১০৬ রানের বড় হারে অবশ্য একটা ভালো আছে।

দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর বাইরে সব বিভাগেই মাশরাফিদের স্পষ্ট দুর্বলতা ফুটে উঠেছে। এমনকি দলের পরিকল্পনা নিয়েও উঠছে প্রশ্ন।