‘কফি উইথ করণ’-এসে কার্তিক আরিয়ানের প্রতি তাঁর গোপন ভালোলাগার কথা বলেই ফেলেছিলেন সারা আলি খান। বাবা সাইফের সামনেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ানের সাথে প্রেম করতে চান।
আর ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’-২ ছবিতে কাজের বদৌলতেই সারা ও কার্তিকের মধ্যে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে।
কখনও তাঁদের একসঙ্গে ডিনারে যেতে দেখা যাচ্ছে, কখনও বা জিমে যেতে।বলিউডের অনেকই বলছেন সারা-কার্তিক নাকি চুপি চুপি প্রেম করছেন।
বুধবার ঈদ উপলক্ষে চুপিসারে মুম্বাইয়ের এক মসজিদেও সারাকে নিয়ে হাজির হয়েছিলেন কার্তিক। ভক্তদের চোখ এড়াতে সারা ও কার্তিক দুজনেই মুখ ঢেকে নিয়েছিলেন। ওড়না দিয়ে মুখ ঢেকেছিলেন সারা, আর কার্তিক রুমাল দিয়ে মুখ ঢাকা দিয়েছিলেন। মুখ ঢাকা অবস্থায় দুজনে সেলফিও তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কার্তিক।
এই ছবি পোস্ট করে ভক্তদের ‘ঈদ মুবারক’ও জানিয়েছেন কার্তিক। ভক্তরাও পাল্টা তাঁদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এই ফটোর নিচে কমেন্ট করেছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান।
