ওর জন্যই বাংলাদেশ এখন বেশি বিপজ্জনক : শেন জার্গেনসেন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আর এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের একজনের দিকেই নজর রাখছেন নিউজিল্যান্ড বোলিং কোচ শেন জার্গেনসেন। যিনি কিনা বাংলাদশের সাবেক কোচ। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আলাদাভাবে নজর রাখছেন তিনি। সাকিবের কারণেই বাংলাদেশ দল বিপজ্জনক বলেই মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি, বোলিংয়ের ক্ষেত্রে তারা কতটা চাপ তৈরি করতে পারে। আর ব্যাটিংয়ে আসলেই তাদের বিপজ্জনক খেলোয়াড় আছে। তাদের এমন খেলোয়াড় আছে, যারা সামনে এসে ম্যাচ বের করে নিতে পারেন। তাদের ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাট করতে পারে এবং ব্যাটিংয়ের সময় তারা বেশ কুশলীও।’

তিনি আরো বলেন, ‘নির্বিশেষে সাকিব আল হাসান যেকোনো পিচে উইকেট নিতে সক্ষম। তাদের বোলাররা সামান্য কাটারের সঙ্গে বলে গতি পরিবর্তন করতে পারেন। ফলে আমরা জানি, আমরা সত্যিই সত্যিই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৮৪ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৫ রান করেন। অন্যদিকে বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব। যার ফলে ম্যাচসেরা হন তিনি।