কেউ টানছেন চুল, কেউ বা খাচ্ছেন চুমু!

কেউ টানছেন চুল, কেউ বা খাচ্ছেন চুমু! ভক্তদের এমন আক্রমণেই দিশেহারা হয়েছেন মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও গীতিকার মাইলি সাইরাস। ঘটনাটি ঘটে গত রোববার রাতে শো শেষে ফেরার পথে হোটেলের বাইরে উপস্থিত ভক্তদের মাঝে। যদিও সে সময় সঙ্গে ছিলেন মাইলির স্বামী লিয়াম হেমসওয়ার্থ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, হোটেল থেকে বেরোনর পথে একদল যুবক মাইলিকে ঘিরে ধরে।

হঠাৎ করেই এক ভক্ত তার চুল ধরে টানে। পরক্ষণেই অন্য একজন তাকে জাপ্টে ধরে চুমু খাওয়ার চেষ্টা করে। এমনকী ওই ব্যক্তি জোর করে সরিয়ে দেয় মাইলির নিরাপত্তারক্ষীকেও।

রোববার (২ জুন) বার্সেলোনায় প্রিমাভেরা সাউন্ড ফেস্টিভ্যালে গান করেন মাইলি। সেখান থেকে বেরিয়ে আসার পথেই ঘটে এ বিপত্তি। তবে বিষয়টি নিয়ে মাইলি বা তার স্বামী কেউই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি।

সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত হলেও মাইলি সাইরাসের শুরুটা ছিল অভিনয় দিয়ে। ৯ বছর বয়সে তিনি আর্মস্ট্রং স্টুডিওতে ভর্তি হয়েছিলেন অভিনয় শিখতে। ২০০৩ সালে ‘বিগ ফিশ’ ছবিতে রথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজরে পড়েন মাইলি।

আর ১৯৪৬ সালের অ্যানিমেশন ছবি ‘সং অব দ্য সাউথ’-এর জেমস বাসকেটসের গাওয়া গানটি গেয়ে মাইলি শ্রোতাপ্রিয় হন।