ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, ‘সরকারি চাকরি করি। সরকার যেখানে যোগ্য মনে করবে সেখানেই বদলি করবে। এটা স্বাভাবিক বিষয়।’ মঙ্গলবার দুপুরে নিজের বদলির আদেশ ও তা বাতিলের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমাকে বদলি করা হয়েছিল। এটি বাতিল করে আবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে রাখা হয়েছে। আমি আগে এখানে কাজ করেছি, আগামীতেও সততা, নিষ্ঠা ও যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো।’
এর আগে সকালে আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে বদলি করে সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। সেই আদেশটি বাতিল হওয়ায় স্বপদেই বহাল থাকছেন শাহরিয়ার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ) শেখ ইউসুফ হারুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
