ধর্ষণের পর ছবি প্রকাশ করে এবার বড় বিপদে নেইমার

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর আরও এক ফুটবল মহাতারকা বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। তিনি ব্রাজিলের ওয়ান্ডার বয় নেইমার। গত শনিবার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক নারী। অভিযোগে বলা হয়, দুই সপ্তাহ আগে প্যারিসের এক হোটেলে এই ঘটনা ঘটান নেইমার। এর পরবর্তী দুই দিন ধরে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকালাম চলছে ফুটবল অঙ্গনে। এবার অভিযোগকারী সেই নারীর ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করে নিজের বিপদ আরও বাড়ালেন নেইমার!

ব্রাজিল সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল সাইটে পরিচয়ের পর ফ্রান্সে সেই নারীর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন তিনি। গাল্লো নামে পিএসজি তারকার এক প্রতিনিধি তাকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন। সেই হোটেলে নাকি পুরোপুরি মাতাল হয়ে প্রবেশ করেন নেইমার। প্রথমে উভয়ের সম্মতিতে একজন আরেকজনকে স্পর্শ করলেও এক সময় নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনার পর সেই নারী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ায় তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ করেননি।

সম্প্রতি সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নেইমার সব অস্বীকার করেন। এই বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত অভিযোগকারী নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে তার যেসব খুদে বার্তা আদান-প্রদান হয়েছে, সেগুলো মিলিয়ে এই ভিডিওটি বানিয়েছেন। ফাঁদে ফেলার জন্যই যে অভিযোগ করা হয়েছে, সেটির প্রমাণ হিসেবেই এই ভিডিও শেয়ার করেছেন বলেও জানান নেইমার। তবে ওই ভিডিওতে অভিযোগকারী নারীর ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ব্যবহার করা হয়েছে, আর এতেই হয়েছে বিপদ!

‘ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে’ নেইমারকে তলব করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নেইমারের মোবাইল জব্দ করা হবে বলেও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের প্রমাণ হিসেবে পুলিশের কাছে কিছু ছবি জমা দিয়েছেন অভিযোগকারী নারী। প্যারিসের হোটেলে নেইমার যে তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেছেন, সেই ছবিগুলোতে নাকি তারই প্রমাণ রয়েছে। ঘরের মাঠে কোপা আমেরিকার আগমুহূর্তে এমন বিপর্যয়ে স্বাভাবিকভাবেই অস্থির হয়ে আছেন নেইমার। তবে এই সময় পুরো দল তার পাশে থাকার ঘোষণা দিয়েছে।