কপাল পুড়লো আফ্রিকার, আনন্দে ভাসছে বাংলাদেশ

বিশ্বকাপের শুরুটা শুভ হয়নি দক্ষিণ আফ্রিকার। টুর্ণামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সাথে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চায় তারা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও পেলো আরেক দুঃসংবাদ। রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নাও খেলতে পারেন হাশিম আমলা।

শনিবার (১ জুন) দলের সাথে অনুশীলন করেননি এই ওপেনার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শনিবার দলের অনুশীলনে ছিলেন হাশিম আমলা। প্রোটিয়া দলের ডাক্তার মোসাজির সাথে ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জোফরা আর্চারের দ্রুতগতির বাউন্সার আঘাত করে আমলার হেলমেটের জালে। এতে তৎক্ষণাত কিছু না হলেও মাঠের বাইরে চলে যান আমলা।

ম্যাচে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং বিপর্যয়ে পড়লে আবার ব্যাট হাতে মাঠে নামেন তিনি। তবে দুই দফাতেই তেমন কিছু করতে পারেননি এই ওপেনার। আমলা যদি বাংলাদেশের বিপক্ষে না খেলেন তাহলে তার পরিবর্তে ডেভিড মিলার দলে ফিরবেন। সেক্ষেত্রে কুইন্টন ডি ককের সাথে ওপেনিংয়ে নামবেন এইডেন মার্করাম।

রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন পেসার ডেল স্টেইন। সেক্ষেত্রে মূল একাদশের বাইরে চলে যাবেন ডোয়াইন প্রিটোরিয়াস। তবে মনে করা হচ্ছে, বাংলাদেশ নয় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারেন স্টেইন।