ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্বভাবের ব্যাপারে সবারই জানা। মাঠে তার আগ্রাসন সবসময়ই চোখে পড়ার মতো। প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি কোহলির এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ।
যদিও সাবেক কয়েকজন কিংবদন্তী ক্রিকেটাররা কোহলির এমন আচরণের প্রশংসাও করেছেন। তাদের দাবি, খেলার মাঠে কোহলির এমন আচরণ ম্যাচকে উজ্জীবিত করে তোলে। অনেকে আবার ক্রিকেটীয় ভদ্রতার সঙ্গে কোহলির আচরণকে মেলাতে পারেন না।
কোহলির আচরণের সমালোচকদের তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। বিশ্বকাপে যোগ দেয়ার আগে আইপিএল খেলে এসেছেন রাবাদা। সেখানে কোহলির মুখোমুখি হন এই ফাস্ট বোলার। খেলার এক পর্যায়ে কথার কাটাকাটি হয় দুজনের মধ্যে। তবে মাঠের মধ্যে কোহলির সেই ব্যবহারকে মানতে পারেননি তিনি। এজন্য কোহলিকে অপরিপক্ক বললেন রাবাদা।
সেই কথা কাটাকাটি নিয়ে রাবাদা বলেন, ‘সেই সময় আমি শুধু গেম প্ল্যান নিয়ে ভাবছিলাম। কোহলি আমার বলে বাউন্ডারি মারার পর আমার উদ্দেশ্যে কিছু কথা বলে। কিন্তু আমি যখন জবাব দিতে যাই তখনই সে রেগে যায়। আমি বুঝলাম না। কিন্তু তাকে আমার কাছে খুবই অপরিপক্ক মনে হয়েছে।’ তার আচরণ একদমই ভালো লাগে নি।
স্লেজিং বর্তমানে খেলার একটা অংশ হয়ে গিয়েছে। খেলোয়াড়রা একে অপরকে ঘায়েল করার জন্য স্লেজিং করতে থাকেন। তবে স্লেজিংয়ের কাছে দমে যাওয়ার পাত্র নন রাবাদা। তার মতে, স্লেজিং তাকে আরো ভালো খেলতে সাহায্য করে।
রাবাদা বলেন, ‘কোহলি একজন অসাধারণ খেলোয়াড় কিন্তু সে কটুক্তি সহ্য করতে পারেনা। কিন্তু এসব বিষয় আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আমার জন্যেও একই কথা। এটি আমাকে ভালো খেলতে জাগিয়ে তুলেছে। যদি কেউ এসে আমাকে বলে, আমি তোমাকে মারব, তোমার বলে বাউন্ডারি মারব। তাহলে সেটা আমাকে আরও ভালো বল করতে প্রেরণা যোগায়।’
