আগামী ২ জুন বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে প্রোটিয়াদের সেটা হবে দ্বিতীয় ম্যাচ। এর আগে প্রথম ম্যাচটা একদমই বাজে কেটেছে তাদের। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২০৭ রানেই গুটিয়ে গিয়ে ১০৪ রানে হেরেছে ডু-প্লেসির দল। সেই হারের দুঃখ ভুলে বাংলাদেশ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। আর এই চেষ্টায় ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পাশে পাচ্ছে দলটি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকাকে উজ্জীবিত হওয়ার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি। কলকাতার মহারাজ বলেন, ‘এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও তাদের (দক্ষিণ আফ্রিকা) পরের ম্যাচে চোখ দেয়া উচিত এবং সেখানে একটা দল হিসেবে খেলতে হবে তাদের। বড় হারের কথা ভুলে গিয়েই সামনের দিকে এগোতে হবে। বিশ্বকাপ জেতা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।

প্রোটিয়াদের আত্মবিশ্বাসী করতেই হয়তো তাদের শক্তি সম্পর্কেও ধারণা দিতে চাইলেন ‘দাদা’। সৌরভ বলেন, ‘তাদের আরও কঠিন লড়াই করতে হবে এবং অবশ্যই সবাইকে এক হতে হবে। তাদের স্কোয়াডে দারুণ সব মেধাবী ক্রিকেটার। রাবাদা এবং এনগিডি গ্রেট বোলার। তাহির বিশ্বমানের স্পিনার। তিনি তো ভারতের বিপক্ষে অসাধারণ বল করেছেন। তাদের শুধু পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। টপঅর্ডার থেকে কাউকে দলের জন্য সেঞ্চুরি করতে হবে।
দেখা যাক, দাদার পরামর্শ কাজে লাগে কিনা দক্ষিণ আফ্রিকার! ২ জুন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় লন্ডনের কেনিংসটন ওভালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
