লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে শুরু হয়েছে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা টিভিতে দেখতে পারবেন স্টার স্পোর্টস ও জিটিভিতে।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় অনুষ্ঠানটি। আইসিসির বাছাইকৃত ভাগ্যবান ভক্তরা এই সরাসরি আয়োজনের অংশ হতে পারবেন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ সেকেন্ডের একটি চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে টাইগার ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জয়া আহসান।
যা যা থাকছে…
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি শুধু ক্রিকেট ভক্তদের জন্য বিবেচনা করে তৈরি করা হয়নি। সবার কথা বিবেচনা করেই অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে। নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে বলা হয়েছে, ‘এটা সারপ্রাইজ, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এটা একটা স্মরণীয় রাত হয়ে থাকবে ক্রিকেট ভক্ত হতে শুরু করে সবার জন্য।’
ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ১০টি দেশের অংশগ্রহণে যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে এবারের ১২তম আসর। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে খেলা চলবে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত। শেষ দিনেই প্রমাণ হবে কে বিশ্বসেরা।
