যে কারণে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের একমাত্র ম্যাচটি!

স্পোর্টস ডেস্ক : নিজেদের চুড়ান্ত প্রস্তুতি সেরে নিতে বাংলাদেশ ও ভারত উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপের মূলপর্বে পা রাখতে চায়। ক্রিকেটের আসন্ন শোপিস ইভেন্টের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চান মাশরাফি-সাকিবরা। জয় পেতে মরিয়া ভারতও। কারণ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছেন বিরাট কোহলিরা।

মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে দুই পড়শি দলেরই টিম ম্যানেজমেন্ট। তবে সবার জন্যই আগাম খারাপ খবর-এদিনও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কার্ডিফে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকেই বৃষ্টি শুরু হতে পারে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে। চলবে সন্ধ্যা পর্যন্ত। ফলে বাংলাদেশ-ভারত লড়াইয়ে মাঠে একটি বল না গড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আবার সেখানকার আবহাওয়া উল্টো পথেও হাঁটতে পারে। পূর্বাভাস মিথ্যা প্রমাণ করতে পারে। আকাশে রোদ-বৃষ্টি লুকোচুরি করতে পারে। ফলে খেলা গড়ালেও বিস্ময়ের কিছু নেই।

ম্যাচটা হলে অবশ্য বড় রানেই হতে পারে। কারণ এ উইকেটেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার ওয়ার্মআপ ম্যাচ হয়েছে। প্রোটিয়া-লংকানদের ছিল চার-ছক্কার ছড়াছড়ি।

সুতরাং খেলা হলে বড় স্কোরই হতে পারে। সেদিক থেকে ব্যাটে-বলে দারুণ একটা ময়দানি লড়াইয়ের আভাস থাকছে।

সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচেও আলাদা উত্তেজনা বিরাজ করছে। ২২ গজে দুই দলের মুখোমুখি মানেই ভিন্ন স্বাদ-রোমাঞ্চ। যে উত্তেজনার আঁচ উভয় দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে পরিলক্ষিত। স্বাভাবিকভাবেই তাদের কাছে এ ম্যাচের গুরুত্ব আলাদা।

গেল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে তা নিয়ে হইচই কম হয়নি। টাইগার সমর্থকরা দাবি করেন, অন্যায়ভাবে হারানো হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস/কার্ডিফ আবহাওয়া অফিস