9
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের মিথ্যা ভয় দেখানো হচ্ছে। তিনি জানিয়েছেন, তার সরকার সকলকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী।
কিন্তু গতকাল গোরক্ষকদের তাণ্ডব নিয়ে মোদিকে বিঁধলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তার প্রশ্ন, মোদি এই ধরনের গোষ্ঠীর তাণ্ডব রুখতে কী পদক্ষেপ নিয়েছেন?
লোকসভা নির্বাচনে বিজেপি দেশে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ঠিক পরই ফের গোরক্ষকরা তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রদেশে। ওই রাজ্যের সিওনীতে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে পাঁচজন গোরক্ষকের বিরুদ্ধে।
তার পর আবার আক্রান্ত তিনজনকেও গ্রেফতার করা হয়েছে। কারণ, মধ্যপ্রদেশে গোমাংস রাখা বা বিক্রি করা বেআইনি।
ওয়াইসি বলেন, ‘সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত, পশুর নয়। প্রধানমন্ত্রী যদি মনে করেন, সংখ্যালঘুরা ভয়ে ভয়ে আছেন তাহলে তার জানা উচিত উত্তরপ্রদেশের দাদরিতে যারা মোহাম্মদ আখলাককে পিটিয়ে মেরেছিল তারা একটি নির্বাচনী জনসভার প্রথম সারিতে বসেছিল।’
প্রসঙ্গত, ২০১৫ সালে দাদরিতে বাড়িতে গোমাংস রাখার গুজব ছড়িয়ে মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ১৪ জন গ্রেফতার হয়। তাদের মধ্যে ১২ জন জামিন পেয়েছে।
ওয়াইসির প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী এই ধরনের গোষ্ঠীগুলোকে রুখতে কী ব্যবস্থা নিচ্ছেন? এই গোষ্ঠীগুলো মুসলিমদের পিটিয়ে খুন করছে। সেই ঘটনার ভিডিও পর্যন্ত তুলে রাখছে। আমাদের চূড়ান্ত অপমান করা হচ্ছে। মধ্যপ্রদেশের ঘটনাই এর সাম্প্রতিক নজির।’
এআইএমআইএম নেতা আরো বলেন, ‘সংসদে মুসলিমদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়ে কি বিজেপি উদ্যোগী হয়েছে? প্রধানমন্ত্রীর নিজের দলের সংসদ সদস্যের সংখ্যা এখন ৩০০ জনের বেশি। কিন্তু তাদের মধ্যে কয়জন মুসলিম?’
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা ভোটে গেরুয়া ঝড়ের মধ্যেও হায়দরাবাদ কেন্দ্রে ফের জয়ী হয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি।
