আর মাত্র দুইদিন পরই শুরু হবে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বর্তমানে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে চলছে প্রচতুতি ম্যাচ। এদিকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নাম্বার ওয়ান ব্যাটসম্যান আর ওয়ানডেতে সাত নম্বর অবস্থানে পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। নিয়মিতই হাসছে তার ব্যাট, দলের প্রয়োজনে খেলছেন বড় ইনিংস।
বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগেও রয়েছেন দুর্দান্ত ছন্দে। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। দল ৩ উইকেটে হারলেও একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেছিলেন ১০৮ বলে ১১২ রানের লড়াকু এক ইনিংস।
কিন্তু এরপরও বাবর আজমের ব্যাটিংয়ের ধরণ নিয়ে উঠছে প্রশ্ন। সংবাদ সম্মেলনে সরাসরি তার শতককে অলস ও স্বার্থপর শতক বলে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। বাবর আজমকে প্রশ্ন করতে যেয়ে বাংলাদেশ দলকেই যেন কটাক্ষ করলেন পাকিস্তানি চ্যানেল সামা টিভির ওই সাংবাদিক!
সাংবাদিকের প্রশ্নটা ছিল এরকম- ‘বাবর আপনার মতো খেলোয়াড় যে টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অথচ কী কারণে আপনি ধীরগতির শতক করেন?
ট্রেন্টব্রিজে আপনি একটি শতক করেন, যেখানে স্ট্রাইকরেট যদি দেখেন আমাদের ব্যাটসম্যানদের সেটাতো বাংলাদেশের মতো দলের থেকে নিচে চলে এসেছে। মানুষ বলে আপনি নিজের স্বার্থের জন্য খেলেন, এটা কি সঠিক?’
এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, ‘হয়তো আপনার মনে হতে পারে, তবে আমি টিম ম্যানেজমেন্ট যেই প্ল্যান অনুযায়ী আমাকে খেলতে বলে সেই প্ল্যান অনুযায়ী খেলে থাকি। এমন না যে আমি নিজের জন্য খেলি। এটা আমার নিজের দল নয়, এটা পাকিস্তানের দল এবং পাকিস্তানের স্বার্থের জন্যই খেলি আমি।’
বাবর আজম আরও বলেন, ‘আমি যথেষ্ট চেষ্টা করি আমার দায়িত্ব পালনের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উপরে নিচে সবাই আউট হয়ে যাচ্ছিল, আমি চেষ্টা করেছিলাম জুটি গড়ার ও শেষ পর্যন্ত যাওয়ার। আমিও যদি আউট হয়ে যেতাম তাহলে হয়তো যেই সংগ্রহ হয়েছে সেইটাও হতোনা।’
