কুড়িগ্রামে নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রির অভিযোগে ৫ মাংস ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট।
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (২৬ মে) সকালে পুলিশ ও বিজিবির সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, মোবাইল কোর্টের মাধ্যমে কুড়িগ্রাম পৌরবাজারে গরুর মাংস নির্ধারিত ৪৮০ টাকার স্থলে ৫০০ টাকার মূল্য তালিকা সাঁটানোর অভিযোগে ৩ মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা এবং খলিলগঞ্জ বাজারে নির্ধারিত মূল্যের অধিক দামে মাংস বিক্রির অভিযোগে দুজন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ। বিডি২৪লাইভ
