ফের সংখ্যালঘুদের উপর লাঞ্ছনার অভিযোগ৷ মাথায় টুপি পড়ার অপরাধে মারধর, হুমকির মুখে পড়তে হল এক মুসলমান ব্যক্তিকে৷ ঘটনা রবিবার রাতে ভারতের গুরুগ্রামে৷
রমজানের তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ব্যক্তি৷ মাথায় ছিল টুপি৷ যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে বিপদে পড়েন ওই ব্যক্তি৷
অভিযোগ সেই ব্যক্তি বলেন, তাকে দেখেই এগিয়ে আসেন জনা ৫-৬ যুবক৷ প্রশ্ন করে কেন এই টুপি পড়েছে সে৷ প্রার্থনার কথা বলতেই তারা আরও রেগে যায়৷ এরপরই টুপিটি খুলে দেয় তারা৷ হুমকি দিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় মাথায় টুপি পরে চলা ফেরা করা নিষেধ৷
এখানেই শেষ নয়৷ টুপিটি ওই ব্যক্তির মাথা থেকে খুলে নিয়ে যুবকরা তাকে থাপ্পড়ও মেরেছে বলে অভিযোগ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে গুরুগ্রামের সর্দার বাজার এলাকায়৷ অভিযুক্ত যুবকরা কারা তার সন্ধানে পুলিশ৷ অশান্তি এড়াতে সতর্ক রয়েছে পুলিশ৷
দিন কয়েক আগেই লোকসভা ভোট মিটতে না মিটতে ফের তাণ্ডব শুরু গোরক্ষকদের৷ গোমাংস রাখার অভিযোগে মধ্যপ্রদেশের সেওনিতে তিন মুসলিমকে গাছের সঙ্গে বেধড়ক মারধর করা হয়৷ গোরক্ষকদের রোষ থেকে রেহাই পাননি এক মুসলিম মহিলাও৷ তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ৷
জানা যায়, একটি অটোতে করে দুই যুবক ও এক মহিলা যাচ্ছিলেন৷ হঠাৎ গুজব রটে তারা সঙ্গে করে গোমাংস নিয়ে যাচ্ছেন৷ স্বঘোষিত গোরক্ষকরা অটো থেকে তাদের রাস্তায় নামায়৷ এবং পেটাতে শুরু করে৷ প্রত্যেকের মুখে জয় শ্রী রাম স্লোগান৷
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়৷ তাতে দেখা যায়, হামলাকারীরা দুই মুসলিম যুবককে গাছের সঙ্গে বেধে এক এক করে পেটাচ্ছে৷ পাশে দাঁড়িয়ে মহিলা অসহায় ভাবে দেখছেন৷ তাঁকেও মারতে এগিয়ে যায় একজন৷ আশেপাশ থেকে লোকজন সেখানে জড়ো হয়ে যায়৷ কিন্তু কেউই তাদের বাঁচাতে এগিয়ে আসে না৷
পরে থানায় অভিযোগ দায়ের হয়৷ একজনকে গ্রেফতার করা হয়৷
