সোমবার কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তরে প্রশ্নোত্তরের জন্য যেতে বলা হয়েছে। সারদা চিট ফান্ড কাণ্ডের সঙ্গে তার সংযোগ নিয়েই রাজিবকে প্রশ্ন করা হবে। শীর্ষ পদে থাকা অবস্থায় সারদা কেলেঙ্কারির পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার অভিযোগ রাজিব কুমারের বিরুদ্ধে।
১৯৮৯ ব্যাচের এই আইপিএস কর্মকর্তা কালই গ্রেপ্তার হতে পারেন। সিবিআইয়ের কলকাতা অফিসে হাজিরা দিতে সল্ট লেকে যাওয়ার সেই ঘটনা ঘটতে পারে।
রবিবার সিবিআই জানায়, রাজিব কুমারকে দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। বিমানবন্দর ও বন্দরে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তারি এড়াতে আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানোর ব্যাপারে রাজিব কুমারের আবেদন খারিজ করে দেয়। ২৪ মে সাবেক পুলিশ কমিশনারকে সাত দিন গ্রেপ্তার এড়ানোর সুরক্ষা দেওয়ার মেয়াদ শেষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যেহেতু সুপ্রিম কোর্টের সাত দিনের মেয়াদ শুক্রবার শেষ হয়েছে এবং কোনো আদালতের পক্ষ থেকেই আগাম জামিন দেওয়া হয়নি তাকে। সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিতে সিবিআইয়ের কোনো বাধা নেই। রাজিব কুমারকে শিগগিরই সমন পাঠানো হবে হাজিরা দেওয়ার জন্য।
