বিপর্যয়ের মুখে ভাইয়ের কাছে ছুটে গেলেন বোন

লোকসভা নির্বাচনকে ঘিরে বিজেপি যখন উৎসবে মেতেছে। কংগ্রেসে তখন নেমে এসেছে শোকের ছায়া।

সব বিরোধীদলগুলোকে একাট্টা করে নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে হটানোর যে স্বপ্ন তারা দেখেছিল, সেটা আর বাস্তবে রূপ নিল না।

দলের সভাপতি রাহুল গান্ধিও তার ১৫ বছরের পুরোনো আসন আমেথিতে পরাজয়ের মুখে রয়েছেন। এমন বিপর্যয়কর অবস্থায় প্রিয়াঙ্কা নিজে গাড়ি ড্রাইভ করে ভাই রাহুলের বাড়িতে উপস্থিত হয়েছেন।

বিবিসি’র খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রিয়াঙ্কা নিজেই ল্যুটিয়েন্স দিল্লির রাজপথ দিয়ে গাড়ি চালিয়ে ১২ নম্বর তুঘলক লেনে রাহুল গান্ধির বাংলোতে হাজির হন। সঙ্গে ছিলেন তার দেহরক্ষী ও এসপিজি কমান্ডোরাও।

দুই ভাই-বোন একত্রিত হয়ে কী আলোচনা করেছেন তা জানা যায় নি। তবে নির্বাচনে ব্যার্থতার কারণই যে তারা বের করার চেষ্টা করছেন, তা অনুমান করাই যাচ্ছে।

উল্লেখ্য, গতবারের তুলনায় কংগ্রেস এবার কিছুটা ভাল করছে ঠিকই, কিন্তু তারা যেমনটা আশা করেছিল ফল মোটেই সেরকম হয়নি। বিজেপির ৩৪৫ আসনের বিপরীতে কংগ্রেস এগিয়ে আছে ৯৪টির মতো আসনে। গত ডিসেম্বরে বিজেপিকে হারিয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে যে দখল নিয়েছিল কংগ্রেস সেখানেও তাদের বিপর্যয় এবার অবধারিত।