বাংলাদেশের ম্যাচগুলোতে বিদেশি ধারাভাষ্যকারদের ধারাভাষ্য শুনলে বোঝা যায়, এশিয়ার বাইরের লোকদের কাছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম উচ্চারণ কতটা দুরূহ।
বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস তো ইংলিশ নাগরিক। মাশরাফি বিন মুর্তজাদের নাম ধরে ডাকতে তার কি কোনো সমস্যা হয়নি?
রোডস দলের সাথে কাজ করছেন দীর্ঘদিন ধরে। শিষ্যদের নাম মনে রাখায় কোনো সমস্যা হলেও তা এতদিনে কাটিয়ে ওঠার কথা। তবে বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে তিনি জানালেন বিস্ময়কর তথ্য। এখনো তিনি তালগোল পাকিয়ে ফেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজুর রহমানের নামের মাঝে!
একান্ত আলাপকালে হাসি মুখে রোডস বললেন, ‘রিয়াদকে রিয়াদ বলেই ডাকি। মিরাজকে মিরাজ নামেই ডাকি। দ্বিধায় পড়ে যাই মুশফিক ও মুস্তাফিজের নাম নিয়ে। কখনো কখনো দুইজনের নাম মিলিয়ে ফেলি। তাই তাদের ডাকনামে ডাকি।’
প্রসঙ্গত, মুশফিককে রোডস সম্বোধন করেন ‘মুশি’ নামে, আর মুস্তাফিজের ‘ফিজ’ নামটা প্রতিষ্ঠিতই হয়েছে মূলত রোডসের কল্যাণে।
রোডসের সাথে টাইগারদের সুসম্পর্ক কিংবা টাইগারদের সাথে রোডসের বন্ধুসুলভ আচরণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। রোডস মনে করেন, কোচ যতই চেষ্টা করুন না কেন, উন্নতির জায়গাটুকুতে কাজ করতে হবে খোদ ক্রিকেটারদেরকেই।
তার ভাষ্য, ‘কোচ আপনাকে শিক্ষা দিবে, উন্নতি করতে হবে ছাত্রদেরই। বেশ কিছু কারণে আমরা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা পরিবেশে থাকছি। আমরা ক্রিকেটার তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছি।’
