সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কুশপুতুল দাহ করা হয়।
এসময় বক্তরা বলেন, কৃষকদেরকে চরম দুরবস্থার মধ্যে ফেলে দিয়ে কৃষিমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। আজকে কৃষকদের এই বিপর্যয়ের সমস্ত দায় সরকারের।
তারা বলেন, শিল্প মালিকদেরকে সস্তায় শ্রমিক যোগান দেয়ার জন্যই কৃষকের ফসলকে অলাভজনক রাখা হয়। কৃষিকে লাভজনক করা ছাড়া শিল্পভিত্তি দাঁড়াবে না, বেকার সমস্যা সমাধানও সম্ভব হবে না। কৃষির লাভজনক রুপান্তরের মাধ্যমেই বাংলাদেশকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব।
কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডাশেনের সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ সুজন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, ঢাব শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, কেন্দ্রীয় সদস্য মির্জা ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুছা কলিমুল্লাহ প্রমুখ।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
