জ্বালানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞাকে যেন পাত্তাই দিচ্ছে না ইরান। বরং তেল নিয়ে বিশ্ববাসীকে নতুন সুসংবাদ দিয়েছে দেশটি। ইরান বলছে, নতুন করে তাদের আবিষ্কৃত এক ডজনের বেশি খনিতে ৩০ বিলিয়ন ব্যারেল তেলের খোঁজ পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানির প্রধান সাইয়েদ সালেহ হেন্দি জানিয়েছেন, এই মজুদ তেলের মধ্যে ৪.৭ বিলিয়ন ব্যারেল নিষ্কাশনযোগ্য। এ ছাড়া ইরানে ১২৮ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের মজুদও আবিষ্কৃত হয়েছে।
গত চার বছরে এসব খনি আবিষ্কৃত হয়েছে। এ ছাড়া ইরানে আরও নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। হেন্দি বলেন, ইয়াদাভারান এবং অজেদেগানের মতো বড় বড় খনির পেছনে আমাদের আর না ছুটলেও চলবে বরং আমাদের ছোট ছোট খনি আবিষ্কারের দিকে মনোযোগ দিতে হবে।
ইরানে বর্তমানে তেলের মজুদ রয়েছে ১৫৭ বিলিয়ন ব্যারেল। ফলে তেল মজুদের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। বিশ্বে সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে ইরানে। এ ছড়া বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ইরানে হাইড্রোকার্বন মজুদের পরিমাণও বেশি। ইরান প্রতিদিন চার মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে থাকে এবং এর মধ্যে প্রতিদিন ১.৫ মিলিয়ন ব্যারেল ইরানের অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হয়।
