ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নতুন চমক!

অবশেষে টনক নড়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের। কাইরন পোলার্ডের মত অভিজ্ঞ ক্রিকেটারের গুরুত্ব বুঝতে পারছেন উইন্ডিজ বোর্ড কর্তারা।আর তাই দল গোছানোর শেষ পর্যায়ে এসে ৩২ বছর বয়সী ক্রিকেটারকে বিশ্বকাপ দলে ভেড়াচ্ছে তারা।

আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে চোট সমস্যা ছাড়াই পরিবর্তন আনা যাবে। গত মাসে উইন্ডিজের যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয় তাতে বিস্ময়করভাবে জায়গা হয়নি পোলার্ডের। অথচ সদ্য সমাপ্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বিচক্ষণ ও কার্যকরী এক পোলার্ডকেই দেখা গেছে, বরাবরের মত এবারো।

আর তাতেই বোধহয় পোলার্ডের গুরুত্ব বুঝতে পেরেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাই এই অলরাউন্ডারকে শেষ মুহুর্তে এসে দলে নিচ্ছে বোর্ডটি।
গার্ডিয়ান মিডিয়া স্পোর্টসের খবর অনুযায়ী, বড় মঞ্চে পোলার্ডের যথেষ্ট অভিজ্ঞতার কারণেই তাকে দলে নেওয়ার কথা ভাবতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। তার উপস্থিতি দলের তরুণ ক্রিকেটারদেরও সাহায্য করবে বলে মনে করছেন তারা। কয়েকদিনের মধ্যেই পোলার্ডকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও ঐ খবরে বলা হয়।

এদিকে পোলার্ডকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলে গত মাসে ঘোষিত স্কোয়াডে ডাক পাওয়া এক ক্রিকেটারকে বাদ পড়তে হবে। ‘হতভাগা’ সেই ক্রিকেটার কে হবেন তা অবশ্য এখনো জানা যায়নি!

সর্বশেষ ঘোষণা অনুযায়ী উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশান থমাস, সাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমেয়ার।