ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করার পর থেকেই একটা দারুণ আত্মবিশ্বাসে ফুটছেন সৌম্য সরকার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুটি হাফ সেঞ্চুরি করার পর এক ম্যাচ বিশ্রাম দেয়া হয়েছিল তাকে।
ফিরে এসে আবারও হাফ সেঞ্চুরি করলেন তিনি। যেন তেন হাফ সেঞ্চুরি নয়, একেবারে ঝড়ের বেগে। ২৭ বলে করলেন হাফ সেঞ্চুরি।
বৃষ্টির কারণে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪ ভারে ২১০ রান। জবাব দিতে নেমে তামিম ইকবাল সাবধানি হলেও হাত খুলে খেলতে শুরু করেন সৌম্য সরকার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। ১৩ বলে ১৮ রান করে তামিম ইকবাল এবং মাঠে নেমেই কোনো রান না করে সাব্বির আউট হয়ে গেলেও সদর্পে ব্যাট চালাতে থাকেন সৌম্য সরকার।
২৭ বলে পৌঁছান নিজের ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরির মাইলফলকে। ২টি ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন ৮টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌম্য অপরাজিত আছেন ৩৫ বলে ৬৩ রানে। তার সঙ্গে ৭ বলে ১০ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম। ৯.৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৩।
