রাহি নয়, এবার অন্য আরেকজনের বদলে সুযোগ পেতে যাচ্ছেন তাসকিন

এবারের বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। এরপরেই তাসকিনকে দলে ঢুকানো নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনার। অধিনায়ক-কোচ তার ব্যাপারে সুপারিশ করছে।

তবে এবার জানা গেল সাইফুদ্দিনের বদলে সুযোগ পেতে পারেন তিনি। পিঠের ব্যথাটা বেশ ভোগাচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগে সঙ্গী হওয়া ব্যথা বয়ে নিয়ে গেছেন আয়ারল্যান্ডেও। চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের পর মাঠেও নামা হয়নি তার। বোঝা যায়, খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই মোহাম্মদ সাইফুদ্দিন।

২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মাশরাফি দল। তার আগে বিশ্বকাপের অফিসিয়াল দুই প্রস্তুতি ম্যাচ পাকিস্তান ও ভারতের বিপক্ষে সাইফুদ্দিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বিশ্বকাপের শুরু থেকে তাকে ফিট পাওয়া যাবে কি না, সেটাও প্রশ্নের মুখে। এরই মধ্যে বিকল্পও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত যদি বিশ্ব আসরের আগে সাইফুদ্দিন ম্যাচ ফিট না হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছে পেসার তাসকিন আহমেদ।