না ফেরার দেশে জাতীয় দলের ক্রিকেটারের বাবা


না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাজমুল হোসেনের বাবা হাজী মোহাম্মদ মুক্তার হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মুক্তার হোসেন। ৪ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুদিন আগেই বাড়িতে নিয়ে আসা হয়। ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন নিজেও ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার। হবিগঞ্জ সদর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

বৃহস্পতিবার বিকেলে বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।