মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর নিয়ে। সম্প্রচারে নতুনত্ব, প্রযুক্তির ব্যবহার ছাড়াও প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয় ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলেও নানা অব্যবস্থাপনায় টুর্নামেন্টের প্রথম দিন থেকেই শুরু হয় সমালোচনার ঝড়।
ডিআরএস থাকলেও শুরুর দিকে তাতে ছিল না হটস্পট, স্নিকোমিটার কিংবা আলট্রাএজ। শুরু তাই শেষ নয়। স্কোরকার্ড ও গ্রাফিক্সেও ধরা পড়ে নানা রকমের অসঙ্গতি। যেমন টুর্নামেন্টের প্রথমদিন চিটাগং ভাইকিংসের পেসার খালেদ আহমেদের বয়স দেখানো হয়েছিল ১১৯ বছর। এ ছাড়াও ক্রিকেটারদের নাম, রান ও বলের হিসাবে গড়মিল দেখা যেত প্রায় নিয়মিত।

দেশ ও দেশের বাইরে তীব্র সমালোচনার মুখে মধ্যে এসব অসঙ্গগতির মাত্রা কিছুটা কমেছিল। এবার আবারও অসঙ্গতি ধরা পড়লো গ্রাফিক্সে। সেটাও কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে।
বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুরের রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রবি বোপারা ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ১৪২ রানের সংগ্রহ পায় রংপুর।
১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ইনিংসের চতুর্থ বলেই উপুল থারাঙ্গাকে সাজঘরে ফিরিয়ে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আউট হওয়ার আগে ৪ বলে ৪ রান করেন বাঁহাতি এই লঙ্কান ব্যাটসম্যান। কিন্তু বিপত্তি দেখা দেয় থারাঙ্গা মাঠ ছাড়ার সময়।
ঢাকার ব্যাটিং ইনিংস চললেও গ্রাফিক্সে দেখানো হয়, আউট হয়ে মাঠ ছাড়ছেন মাশরাফি। গ্রাফিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগে কাজী অনিকের বলে আন্দ্রে রাসেলের ক্যাচে পরিণত হয়েছেন তিনি। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও গ্রাফিক্সের এমন ভুলে আবারও আয়োজকদের সমালোচনায় সরব হয়েছেন ভক্ত-সমর্থক ও ক্রিকেটপ্রেমীরা।
