সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে উঠতে হলে রংপুরের সামনে আরেকটি সুযোগ আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকাকে হারাতে পারলেই ফাইনালে উঠতে পারবে রংপুর।
আগামীকাল ফাইনালে উঠার লক্ষ্যে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। তাই আশা ছাড়ছেন না রংপুর অধিনায়ক মাশরাফি। তার কথায়,‘আমাদের তো সব শেষ হয়ে যায়নি। আরও একটি ম্যাচ আছে। সেটা যেন আবারও এক সেমিফাইনাল।’

গত আসরে রংপুরকে ফাইনাল জেতানো ক্রিস গেইল এবার এখনো জ্বলে উঠতে পারেননি। তাকে নিয়েও খুব একটা ভাবছেন না মাশরাফি। তার বিশ্বাস ঠিক সময়ে জ্বলে উঠবেন গেইল।
গেইলের রান খরা প্রসঙ্গে অধিনায়ক বলেন,‘ওর (গেইল) সুযোগ আছে।এখনো সব শেষ হয়ে যায়নি। গেইলের ভালো খেলার মতো সময়ও আছে। তার মতো খেলোয়াড়দের কাছ থেকে বড় কিছুর আশাই করি আমরা। সেটা হয়তো সামনেই ম্যাচেই দেখা যাবে। আমরা এখনই শেষ বলে দিতে পারি না।’
পাশাপাশি নিজেদের শেষ সুযোগের দিনে রানের গতি আরও বাড়ানোর কথাও অধিনায়কের মুখে। ‘কোয়ালিফায়ার-২’তে শুরু থেকে রানের গতি বাড়ানোর ও হাত খুলে খেলার তাগিদ বেশি থাকতে হবে। তার দরকারও আছে।’
