আসন্ন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেলেন পেসার শফিউল ইসলাম এবং এবাদত হোসেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ ইনজুরির কারণে স্কোয়াড থেকে পেসার তাসকিন আহমেদ ছিটকে পড়ায় এখন স্কোয়াড দাঁড়ালো ১৬ সদস্যের।
বিপিএল শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য এরিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর টেস্ট সিরিজ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি।
এদিকে সিলেটের, মৌলভীবাজার থেকে উঠে আসা পেসার এবাদতের জীবনবৃত্তান্ত বেশ বৈচিত্র্যপূর্ণ। চাকরি করেন বিমানবাহিনীতে। সাধারণত প্রতিরক্ষাবাহিনী থেকে ক্রিকেটার উঠে আসার দৃষ্টান্ত নেই বললেই চলে। নিঃসন্দেহে ইবাদত সে ক্ষেত্রে ব্যতিক্রম।

বিমানবাহিনীতে তিনি যোগ দিয়েছিলেন ভলিবল খেলোয়াড় হিসেবে। কিন্তু মন তার সব সময়ই পড়ে থাকত ক্রিকেটে। তাই শত ব্যস্তাতার মাঝেও নিজেকে আলোকিত করছেন ক্রিকেটের আঙ্গিনায়। কিভাবে বিপিএলে সুযোগ পেলেন এই পাইলট? আর উত্তর জানতে যেতে হবে দুই বছর পেছনে।
২০১৬ সালে রবি ফাস্ট বোলার অন্বেষণ কর্মসূচিতে তিনি হয়েছেন সবচেয়ে দ্রুততম বোলার। সবচেয়ে দ্রুত গতির বলের জন্য ‘স্পিড স্টার’ পুরস্কারও পেয়েছেন ইবাদত।সেখান থেকে আসে নজরে। খেলতে থাকেন দেশের বিভিন্ন ঘরোয়া লিগে।
ওয়ানডে স্কোয়াড:মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান এবং এবাদত হোসেন।
