বিপিএলে রংপুর রাইডার্সের দলে ১৬ বছর বয়সী একজন লেগ স্পিন আছেন। তাকে দেখে দারুণ খুশি রংপুর রাইডার্স কোচ টম মুডি। দলে খেলার জন্য তিনি প্রস্তুত বলেও জানান। এমনকি প্রয়োজন হলেই তাকে দলে নেওয়ার কথাও বলেন কোচ। তবে তাকে দলে নেওয়া হলো রংপুরের প্লে অফ নিশ্চিত হওয়ার পরে। শীর্ষে ওঠার লড়াইয়ের ওই ম্যাচে জাত চিনিয়েছেন তরুণ ওই লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি। নাম দেখেই মনে হতে পারে ক্রিকেটের প্রতি তার পরিবারের টান অন্যরকম।
প্রথম নাম চট্টগ্রামের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিনের নামে। বর্তমান যিনি ক্রিকেট বোর্ডেন প্রধান নির্বাচক। মিনহাজুলের মতো তারও বাড়ি চট্টগ্রামে। আর শেষ নাম পাকিস্তান লেগ স্পিনার আফ্রিদির নামে। লেগ স্পিনটাও করেন আফ্রিদির মতো করে।
গত অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও দেখা যায় তাকে। ৩ ওভার বোলিং করে একটি উইকেটও পেয়েছিলেন এই লেগস্পিনার। এরপর বাংলাদেশ দলের অনুশীলনে নিয়মিত দেখা মেলে এই লেগির। রংপুর রাইডার্সের অনুশীলনেও এসেছিলেন নেট বোলার হিসেবেই। এরপর তাকে নিয়ে নেন রংপুর স্কোয়াডে।
শনিবার বিপিএলের ষষ্ঠ আসরের গ্রুপ পর্বের শেষ দিনে অভিষেক হলো আফ্রিদির। দল শুরুতে বল হাতে দারুণ করে। আর তাতে নিজের বোলিংটাও ভালো হয়েছে আফ্রিদির। ২.৩ ওভার হাত ঘুরিয়ে মোটে ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার স্পিনে আছে বেশ পেস। তবে প্রথম দিন কিনা, দিয়ে ফেলেছেন দু’ একটি ফুলটস বল।
তবে তার ভেতরে গুন আছে। মাত্র ১৬ বছর বয়সী একজন স্পিনার এমনি এমনি টম মুডি কিংবা বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির নজর কাড়েনি। বছর খানেকের মধ্যে তিনি ব্যাটসম্যানদের আতঙ্কে পরিণত হবে বলে এর আগে মত দেন রংপুরের স্পিন কোচ মোহাম্মদ রফিক।
রফিক বলেছিলেন, এতদিন ধরে দেখছি দেশের ক্রিকেট, ওর মতো বোলার আমি দেখিনি সত্যি বলতে। যদি একটা বছর সে পরিশ্রম করে, তবে খুব দ্রুতই সে বাংলাদেশ দলে খেলবে। আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার জন্য যেসব গুণ দরকার, তার ভেতর সেগুলো দেখছি।’ এখন এই অস্ত্র ধার দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। তরুণ এই প্রতিভা ফুল হয়ে উঠবে নাকি জুবায়েরের মতো হারিয়ে যাবে দেখার এখন সেটাই।
