আবারো শোকের ছায়া ঢালিউডে, মারা গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা

চলচ্চিত্র নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা কেতাব আলী ফিরোজ আর নেই। আজ সোমবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা এ তথ্য জানিয়েছেন।

অপূর্ব রানা বলেন, ‘বিএফডিসিতে তার মরদেহ আনা হয়েছে। বাদ জোহর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’

আজ সকালে হাঁটতে বের হলে অসুস্থ বোধ করেন তিনি। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান অপূর্ব রানা।

পরিচালক মোহাম্মদ হোসেনের বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ফিরোজ। এছাড়া অপূর্ব রানা, সাইমন তারিকসহ অনেকের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এই নির্মাতা। তার পরিচালিত ‘নষ্ট ছেলে’ সিনেমাটি আলোর মুখ দেখেনি। এছাড়া তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যদি তুমি জানতে’।