চলতি আসরের সিলেট পর্বে প্রথমবারের মতো বিপিএলে দেখা যায় এবি ডি ভিলিয়ার্সকে। প্রথম ছয় ম্যাচের মাত্র দুইটিতে জেতা রংপুর রাইডার্স ভিলিয়ার্স আসার পর যেন চাঙ্গা হয়ে উঠে। এই ক্রিকেটার একাদশে থাকার ছয় ম্যাচেই জিতেছে রংপুর। গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে শেষ করেছে। তবে প্লে-অফে ডি ভিলিয়ার্সকে পাচ্ছে না মাশরাফির দল।
নিজে না থাকলেও ডি ভিলিয়ার্স মনে করেন শিরোপা জিতবে তাঁর দল রংপুর রাইডার্স। তিনি বলেন, ‘আমাদের এখন পর্যন্ত দারুণ একটা টুর্নামেন্ট গেছে। আমাদের ভালো আত্মবিশ্বাস আছে। অনেক ক্রিকেটার দুর্দান্ত ফর্মে আছে। আমি আশা করছি, আমাদের দল শিরোপা জিতবে।’
এদিকে প্রথমবারের মতো বিপিএলে খেলে বেশ খুশি ডি ভিলিয়ার্স। বিপিএলে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ সময় গেছে। আমি মনে করি, এটা অসাধারণ টুর্নামেন্ট। পরেরবার খেলার অপেক্ষায় আছি। ‘
বিপিএলের ষষ্ঠ আসরের ছয় ম্যাচ খেলে ডি ভিলিয়ার্স রান করেছেন ২৪৭। এর মাঝে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হাঁকিয়েছেন শতক। ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি শতক প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘অনেক বিশেষ আমার কাছে। বাংলাদেশের মানুষের সামনে খেলতে আমার অনেক ভালো লাগে। আমি আবারও খেলতে আসতে প্রতিজ্ঞ। সেই শতকটা আমি অনেক উপভোগ করেছি। বড় রান করতে পছন্দ করি, বিশেষ করে রংপুর রাইডার্সের জন্য।’
এদিকে দেশে ফেরার আগে সমর্থনের জন্য বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। পাশাপাশি আবারও বিপিএলে খেলার কথা বলেছেন তিনি, ‘ধন্যবাদ, আমাকে সমর্থন জানানোর জন্য। বাংলাদেশের সমর্থকদের সামনে খেলতে ভালোবাসি। আমি আবারও আসবো।
