এবারই প্রথম বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলতে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলস। তবে চোটে পড়ে আগে ভাগেই দেশে ফিরে যেতে হচ্ছে তাঁকে। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্টিভ স্মিথ, সিলেট সিক্সার্সের ডেভিড ওয়ার্নার, খুলনার লাসিথ মালিঙ্গারা দেশে ফিরে যান। বিপিএলে তারকা হারাবার মিছিলে যোগ হওয়া নতুন নাম অ্যালেক্স হেলস।
অ্যালেক্স হেলস যে আর রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাতে পারবেন না তা নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি।
টম মুডি জানান, ‘আমরা (রংপুর রাইডার্স) গত রাতে (বুধবার) এই খবরটি পেয়েছি। তাঁকে লন্ডনে ফিরে যেতে হবে বাম কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কাঁধে চোট পেয়েছিলো। এরপর সে ফিল্ডিং করেনি আর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে তাঁকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য।
‘দেশে (ইংল্যান্ড) ফিরলে তাঁর এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনক ভাবে তাঁর টুর্নামেন্টটি (বিপিএল) শেষ হয়ে গিয়েছে, তবে অবশ্যই সে অনেক ভ্যালু যোগ করেছে আমাদের দলে। তবে আমাদের প্রয়োজনীয় রসদ আছে টপ অর্ডারের জায়গা পূরণ করার জন্য।’
চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজের বিপিএল অভিষেকে গোল্ডেন ডাক এর শিকার হয়েছিলেন হেলস। পরের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ১৫ রান করে আউট হওয়া হেলস আবারও শূন্য হাতে ফেরেন পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচে।
সিলেটেই স্বাগতিকদের বিপক্ষে রানের দেখা পান হেলস। ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। ঢাকায় ফিরে খুলনা টাইটান্সের বিপক্ষে খেলেন ৫৫ রানের এক ঝড়ো ইনিংস। চট্টগ্রামে যেয়ে তো হেলসের ব্যাট হয়ে উঠেছিল তরবারি। স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেঞ্চুরি (১০০) করেন তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলেন অপরাজিত ৮৫ রানের অনবদ্য এক ম্যাচ জেতানো ইনিংস। নিজের খেলা শেষ ম্যাচে অবশ্য রাজশাহী কিংসের বিপক্ষে আউট হয়েছিলেন ১৬ রান করে।
হেলসের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে নেয়া হবে কি-না তা এখনো নিশ্চিত করেনি রংপুর ফ্র্যাঞ্চাইজি। এদিকে আর এক ম্যাচ খেলে রংপুর শিবির থেকে বিদায় নেবেন এবি ডি ভিলিয়ার্সও।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
