সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে সন্তান হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জেলার তালার বালিয়াদহ গ্রামে।
জানাগেছে, শনিবার দিবাগত রাতে দুই সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ধর্ষক মনিরুল সরদার (৩০) পালিয়েছে। মনিরুল ওই গ্রামের আফছার আলী সরদারের ছেলে। এদিকে ওই গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর স্বামী বরিশালে একটি ইটভাটায় কাজ করেন। স্বামী বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী মনিরুল তাঁকে প্রায় উত্ত্যক্ত করত। এরই জেরে গত শনিবার ভোরে মনিরুল ওই গৃহবধূর বাড়ির দরজার ছিটকিনি ভেঙে তাঁর দুই সন্তানকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূর চিৎকারে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
