ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় সেই সরকারি কর্মকর্তা আটক

ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় বি এম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তানজিল সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকরে ব্যবস্থাপক বলে জানা গেছে। আটক তানজিল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সদস্যকে বেধড়ক পিটিয়েছেন ঐ কর্মকর্তা। এ ঘটনায় আহত ট্রাফিক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেলে তানজিল আহমদ নামে ঐ কর্মকর্তা মোটর সাইকেল যোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ে রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. আলী তার মোটর সাইকেলকে সিগন্যাল দিলে সে তা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় ট্রাফিক সদস্য আলী একটু এগিয়ে গিয়ে মোটর সাইকেলের গতিরোধ করলে ওই ব্যক্তি মোটর সাইকেল থেকে নেমে ট্রাফিক সদস্যের হাতের লাঠি কেড়ে নিয়ে তাঁকে বেধড়ক পেটাতে শুরু করেন।

এক পর্যায়ে উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই সরকারি কর্মকর্তা থামলে অদূরে থাকা ট্রাফিকের অন্যান্য সদস্যরা এসে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ জানান- জনসমক্ষে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তার মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।