হাসপাতালে উপস্থিত না হলেই অব্যাহতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘সরকারী চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত না থাকলে তাদের চাকরী থেকে অব্যাহতি দেয়া হবে।’ তিনি হাসপাতালগুলোতে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চালুর নির্দেশ দেন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

টানা তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যান। প্রত্যেকটা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনামূলক বক্তব্য রাখছেন, মন্ত্রণালয় কিভাবে চলবে সে সম্পর্কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করার জন্য নির্দেশনা দিচ্ছেন।

এমন এক সময়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিদর্শনে গেলেন, যখন মন্ত্রণালয়টির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। স্বাস্থ্য অধিদপ্তরেরে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সুপারিশ করেছে।

টানা তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার ঘোষণা দিয়েছেন এবং দুর্নীতিকে কোন ধরনের প্রশ্রয় না দেয়ার নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ে তাকে অভ্যর্থনা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে