আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে দলের ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে সৌম্য সরকারকে। সেই ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে তিনশ’রও বেশি রান করা ইমরুল কায়েসের মতো খেলোয়ার।
বিপিএলে এ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেনি রাজশাহী কিংস তারকা সৌম্য সরকার। প্রথম সাত ম্যাচে মোট ৩৮ রান করেছেন সৌম্য। সেই সৌম্যর জাতীয় দলে অন্তভূক্তি কোনো ভাবেই মেনে নিতে পারছেন না ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফাত।

নিউজিল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচন নিয়েও কথা বলেন জাফরুল্লাহ। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সৌম্য সরকার ফর্মে না থাকা সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করায় নির্বাচকদের কঠোর সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আমাদের ঘরোয়া ক্রিকেট বিপিএল সেখানেও কিন্তু তিনি (সৌম্য) ব্যর্থ। আপনি দেখুন, বিপিএলে যে দলটিতে যিনি খেলছেন সেখানেও কিন্তু গেল চার-পাঁচটি ম্যাচে (তিন ম্যাচ) তাকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়নি। সাইড লাইনার হয়ে তিনি বসে থাকেন। এ রকম একজন অফফর্মে থাকা ক্রিকেটারকে কিসের ভিত্তিতে জাতীয় দলের স্কোয়াডে রাখা হলো তার কোনো ভিত্তি নেই। যারা নির্বাচকমণ্ডলী, যারা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। এ রকম হঠকারী সিদ্ধান্ত ভবিষ্যতে যেন আর গ্রহণ করা না হয়।’
