মন্ত্রীর এক ধমকে চুপ ওয়াসার এমডি

স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় তোপের মুখে পড়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

আমন্ত্রণ জানানোর পরও সাংবাদিকদের ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না- এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাংবাদিকদের ডেকে পাঠান।

সাংবাদিকরা সভাস্থলে প্রবেশের সঙ্গে সঙ্গে তিনি ওয়াসা এমডিকে প্রশ্ন করেন, ‘কেন গণমাধ্যম কর্মীদের এখানে আসতে দেননি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। আপনি এ ধরনের আচরণ করতে পারেন না’

এ সময় চুপ থাকেন তাকসিম এ খান।

বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে এমডির পক্ষে কথা বলতে গিয়ে সংস্থাটির একজন উপ-সচিবকেও ধমক দেন মন্ত্রী। সাংবাদিকরা ওয়াসার এমডি তাকসিম এ খানের কাছে ওয়াসাকর্মীদের উত্থাপিত বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চান।

এ সময় সংস্থাটির প্রশাসন বিভাগে-১ এর উপ-সচিব মৌসুমী খানম অনুমতি না নিয়ে এমডির পক্ষে কথা বলতে গেলে মন্ত্রী তাকে ধমক দিয়ে থামিয়ে দেন।

‘ওয়াসা এমডির নামে দুর্নীতির তথ্য সত্য নাও হতে পারে’ উল্লেখ করে এ সময় মন্ত্রী তার মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে কথা বলতে সাংবাদিকদের অনুরোধ করেন।

এর আগে মন্ত্রীর আগমন উপলক্ষে এদিন ওয়াসার সিবিএ নেতা ও শ্রমিকরা ভবনের গেটে জড়ো হন এবং বিভিন্ন ব্যানার নিয়ে ওয়াসা এমডির নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন।

সকাল ১০টা থেকে বিক্ষোভ করতে থাকা শ্রমিকরা দুপুর পৌনে দুটায় মন্ত্রীর আশ্বাসে স্থান ত্যাগ করেন। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের সমস্যার কথা আমি ইতিমধ্যে শুনেছি। আপনারা আমার মন্ত্রণালয়ে আসেন। সমস্যাগুলো বলেন। সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

এর আগে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, অনেক দিনের অবজ্ঞা, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে নাগরিক সেবা প্রদানকারী সংস্থার ওপর মানুষের আস্থা উঠে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। নতুন উদ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনায় ও দুর্নীতিমুক্ত থেকে নাগরিকদের সেবা দিতে হবে। এ বিষয়ের ব্যত্যয় ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না।

আগামী পাঁচ বছর চমকপ্রদ বাংলাদেশ হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য দৃশ্যমান কিছু আমরা এই পাঁচ বছরে করব। এ শপথ নিয়ে প্রধানমন্ত্রী এবারের মন্ত্রী পরিষদ গঠন করেছেন। এ সময় জলাবদ্ধতা, সুপেয় পানি সরবরাহ ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন মন্ত্রী।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে