বাবাকে হারানোর দুইদিন পরেই মাকে হারালো পৌর কাউন্সিলরের নাবালক ২ শিশু

বাবাকে হারানোর দুই দিন পরেই মাকেও হারালো নাটোরের লালপুরে দুর্বৃত্তদের হাতে নিহত গোপালপুর পৌর কাউন্সিলর জমিরুল ইসলামের নাবালক শিশু আব্দুল আজিম শিক্ষা ও জান্নাতুল মাওয়া বিদ্যা। ১৩ বছর বয়সের আব্দুল আজিম বাবা মা হারানোর শোকে পাথর হয়ে গেছে। সে এখন আর কারো সাথে কথা বলছে না। আবার বুক ফাটা কান্নাও করছে না।

আর তিন বছর বয়সের জান্নাতুল মাওয়া তো বুঝতেই পারছে না আসলে তার কি ক্ষতিটাই না হয়ে গেছে। কখনো ভাইয়ের আবার কখনো দাদা-দাদী, চাচা-ফুফুদের আহাজারী দেখছে অবাক হয়ে। সোমবার (২১ জানুয়ারী) আড়াইটায় স্থানীয় ঈদগাহ মাঠে বাবার জানাযা পড়িয়েছিলো শিশু আব্দুল আজিম নিজেই। দুই দিন পরে আবার আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) একই সময়ে একই স্থানে মায়ের জানাযাও পড়াতে হলো তাকেই।

বাবা-মা হারা আব্দুল আজিম তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দুর্বৃত্তদের হাতে স্বামীর খুনের শোক সইতে না পেরে বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) ব্রেইন ষ্ট্রোকে মৃত্যু হয়েছে কাউন্সিলর জামিরুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুনের। আছিয়া খাতুন গোপালপুর পৌর সভার ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জামিরুলের স্ত্রী এবং বিরোপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

জামিরুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, জামিরুলের (আছিয়ার স্বামী) মৃত্যুর দিন থেকে আছিয়া এক টানা আহাজারী করছিল। ২৩ জানুয়ারী রাত তিনটার দিকে তার ব্রেইন ষ্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় আজ ভোর ৪টায় তার মৃত্যু হয়। বিরোপাড়া গোরস্থানে স্বামীর পাশেই তার দাফন সম্পন্ন হয়েছে।

গত রবিবার (২০ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বিরোপাড়া তার নিজ বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার হত্যার ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাজার ঘাটে যেখানে সেখানে সবার মুখে একই কথা হাসি খুশী এই মানুষটিকে কোন অপরাধে খুন হতে হলো। এরপর আবার স্ত্রীর মৃত্যুর বিষয়টি আরও শোকাবহ করে তুলেছে এলাকায়। জামিরুলের পিতা-মাতা বেঁচে আছেন। তার ১ ছেলে ১ মেয়ে।

ছেলে আব্দুল আজিম শিক্ষা (১৩) স্থানীয় ফুলবাড়ি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং মেয়ে জান্নাতুল মাওয়া বদ্যার বয়স ৩ বছর। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন – স্কাউন্সিলর জামিরুল হত্যার ঘটনায় নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সোমবার (২১ জানুয়ারী) রাতে ২০ জনকে আসামী করে লালপুর থানায় মামলা করেছেন।

এদের মধ্যে গোপালপুর পৌর এলাকার মধুবাড়ী মহল্লার আব্দুল খালেক ড্রাইভারের ছেলে সোহাগ (৩৪), শিবপুর মহল্লার সবুর খাঁ এর ছেলে রিজভী (২০), একই মহল্লার কামরুল হোসেনের ছেলে রায়হান ইসলাম (২৮) এবং বৈদ্যনাথপুর মধ্যপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম রান্টুকে (৪০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।