আইপিএলে যে দল কিনছে বচ্চন পরিবার

ভারত মানেই ক্রিকেট ও বলিউড। এই দুই অঙ্গনের তারকারাই দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দুই অঙ্গনের তারকারা একসঙ্গে মিললে কি হয় তার বড় প্রমাণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে তিনটি দলের মালিকানা কিনে হইচই ফেলে দিয়েছিলেন শাহরুখ খান-জুহি চাওলা, প্রীতি জিনতা ও শিল্পা শেঠি। ক্রিকেটের ব্যকরণ না বুঝলেও বলিউডের এই চার তারকা গত ১১টি আসর ধরে নিয়ন্ত্রণ করেছেন তিনটি দল। প্রীতি জিনতা কিংস ইলেভেন পাঞ্জাব, শাহরুখ খান-জুহি চাওলা কলকাতা নাইট রাইডার্স ও শিল্পা শেঠি রাজস্থান রয়্যালস; রূপালী পর্দার এই চার তারকা যেন হয়ে উঠেছেন নিজ নিজ দলের ব্যানার।

এবার এই তালিকায় নাম লেখাচ্ছেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনও। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, আইএসএল, প্রো কবাডি লিগের পর এবার আইপিএলেও দল কিনতে ইচ্ছুক অমিতাভ ও তার ছেলে অভিষেক বচ্চন। অবশ্য শুধু ইচ্ছা প্রকাশেই থেমে নেই। ইতোমধ্যে মাঠেও নেমেছেন তারা।

ইনসাইড স্পোর্টসের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলটি কিনতে চেয়েছিল বচ্চন পরিবার। কিন্তু আলোচনা বেশিদূর গড়ায়নি। এরপর বচ্চন পরিবার ঝোঁকেন স্পট ফিক্সিং কাণ্ডে দুই বছর নিষিদ্ধ থাকা রাজস্থান রয়্যালসের দিকে।

বচ্চন পরিবার চাইছেন দলের মালিকানা পেতে। ইতোমধ্যে রাজস্থানের শীর্ষ কর্মকর্তা মনোজ বাদলের সঙ্গে লন্ডনে আলোচনাতেও বসেছিলেন অভিষেক বচ্চন। বিষয়টি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চনের কোম্পানি এবি করপোরেশনের সিইও রমেশ পুলাপাকা। তার ভাষ্য, ‘হ্যাঁ কয়েকদিন আগেই লন্ডনে অভিষেক-মনোজ আলোচনায় বসেছিলেন।’

রাজস্থান রয়্যালসের মালিকানা বর্তমানে অনেকটা পরিবর্তনশীল যেন। শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে বহিষ্কার করার পর এই দলটির মালিকানা রয়েছে ললিত মোদির শ্যালক সুরেশ চেল্লারামের অধীনে। দলটির একজন মুখপাত্রের বরাত দিয়ে ক্রিকবাজ বলছে, দলটির মালিকানার অর্ধেক শেয়ার ছেড়ে দেওয়া হবে।

এরপরই বচ্চন পরিবারের নজরে আসে রাজস্থান রয়্যালস। রাজস্থানের মালিকানা নিতে অবশ্য বচ্চন পরিবার একাই নয়, রাইজিং পুনে সুপারজায়ান্টসের সাবেক মালিক সঞ্জীব গোয়েনকাও আগ্রহ প্রকাশ করেছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। দেখার বিষয়, মাঠের বাইরের লড়াইয়ে শেষ হাসি কে হাসে!

চলতি বছরের ২৯ মার্চ পর্দা উঠবে আইপিএলের ১২তম আসরের। যদি রাজস্থান রয়্যালসের মালিকানা কিনে নিতে পারেন বিগ বি, তাহলে শাহরুখ-প্রীতি-জুহি চাওলাদের পর এবারের আইপিএল মাতাতে দেখা যাবে বলিউডের এই শাহেনশাহকেও।

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে