আন্তর্জাতিক ম্যাচের সুচির জন্য দলের সঙ্গ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছেন সিলেট সিক্সার্সের তরুণ লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
সিলেটে প্রথম ইমরান তাহিরের পর এবার দল ছাড়লেন লামিচানও। আগামী ২৫ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দলের বিপক্ষে নেপালের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। জাতীয় দলে ডাক পাওয়ায় স্বভাবতই বিপিএল ছেড়ে যেতে হচ্ছে ১৮ বছর বয়সী নেপালি বিস্ময় বালককে।
তবে বিপিএল নিয়ে লামিচানের বেশ আগ্রহ ছিল। বিগ ব্যাশের মত ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেলে তিনি বাংলাদেশে এসেছিলেন বিপিএল খেলতে।
ষষ্ঠ বিপিএলে সিলেট সিক্সার্সের জার্সি গায়ে লামিচানে খেলেছেন ছয়টি ম্যাচ। যদিও তার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্সের দেখা পায়নি দল। ছয়টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন চারটি উইকেট। মাঝেমাঝে ব্যাট হাতে নামতে হলেও সেখানেও খুব একটা সুবিধা করতে পারেননি।
সিলেট সিক্সার্সের সঙ্গ ছেড়ে লামিচানে ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন। আর তা তরুণ ক্রিকেটার জানিয়েছেন এক টুইট বার্তার মাধ্যমে।
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
